মেজর লিগ সকারে (এমএলএস) মানিয়ে নিতে লিওনেল মেসির কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন ইন্টার মিয়ামির মালিক সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম । ইউরোপের থেকে যুক্তরাষ্ট্রের খেলার ধারা ভিন্ন বিধায় মেসিকে অবশ্যই সময় দিতে হবে।
মঙ্গলবার (১৮ কজদৃহ) মেসির প্রথম অনুশীলন দেখতে ইন্টার মিয়ামি অনুশীলন গ্রাউন্ডে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি বেকহ্যাম। আড়াই বছরের চুক্তিতে পিএসজি থেকে মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি।
মেসির সঙ্গে এদিন অনুশীলনে আরো ছিলেন বার্সেলোনার সাবেক সতীর্থ সার্জিও বুসকেটস। উভয়েই শনিবার মিয়ামির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক কোচ জেরার্ডো মার্টিনের অধীনে মেসিকে নিয়ে মাঠে নামবে মিয়ামি।
বেকহ্যাম বলেন, ‘যতই প্রতিভাবান হোক না কেন নতুন পরিবেশে মেসিকে মানিয়ে নিতে হলে কিছু সময়ের প্রয়োজন। মেসি ও সার্জিও আমাদের হয়তোবা বিস্মিত করবে, আমরা হয়তোবা জয় দিয়ে প্রতিটি ম্যাচ শেষ করতে পারবো। কিন্তু সেজন্য আমাদের ধৈর্য্যের প্রয়োজন।’
শুক্রবার লিগ কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে মেসিকে মাঠে দেখতে মিয়ামির সমর্থকদেরও কিছুটা ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন বেকহ্যাম। এই ইংলিশম্যানের মতে আর্জেন্টাইন সুপারস্টার হয়তোবা মূল দলে নাও খেলতে পারেন। এ সম্পর্কে বেকহ্যাম বলেন, ‘মেসি ম্যাচের কিছুটা সময় খেলবে। কিন্তু কার্যত সবকিছুই নির্ভর করছে কোচ ও মেসির সিদ্ধান্তের ওপর। আদৌ সে এখনই খেলতে প্রস্তুত কিনা তা কোচই বুঝতে পারবে। আমরা জানি পরিবারের সঙ্গে সময় কাটাতে মেসি বেশ কিছুদিন মাঠের বাইরে ছিল। অনুশীলনে তাকে দেখে ভালই মনে হচ্ছে, কিন্তু সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি সামনে এসেই যাচ্ছে।’