সাবেক এমপি সুলতানার বিরুদ্ধে প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সুলতানা আহম্মেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জুলাই) এ মামলারময় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এই দিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরি প্রতিবেদন দাখিলের জন্য এই দিন  ধার্য করেন।

মামলার অভিযোগে জানা গেছে, গত বছর ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে মিডিয়াকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন সুলতানা আহম্মেদ। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন। এছাড়া দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ স্বাধীনতাযুদ্ধ ও বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বক্তব্য দেন তিনি। এ অভিযোগে গত ৬ নভেম্বর সুলতানার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ওইদিনই গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।