নকশা না মেনে ভবন নির্মাণ করায় রাজধানীর তেজগাঁও এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় বিকালে।
অভিযান চলাকালীন নকশা বহির্ভূত ২টি ভবনে সেটব্যাক ও ভয়েভ পাওয়ায় বর্ধিত অংশ ভাঙে দিল রাজউক। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
পশ্চিম নাখাল পাড়ায় ৮ম তলা ও ২য় তলা ২ টি বাড়ির অবৈধ অংশ ভাঙ্গা হয়। ১১৯ পশ্চিম নাখালপাড়ায় ৮ম তলা ভবনের মালিক ওয়াহিদ্দুজ্জামান খান উপস্থিত না থাকলেও তার স্ত্রী তাব্বাসুম নুসরাত জাহান উপস্থিত ছিলেন। তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।
এছাড়াও ২২১,পশ্চিম নাখালপাড়া ২য় তলা ভবনটির নকশা ব্যতয় করে বাণিজ্যিক দোকান নির্মাণ করায় তা ভেঙ্গে দিল রাজউক। এই ভবনের মালিকের পক্ষে ভগ্নীপতি জাকির হোসেন অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা দিলে তাৎক্ষনিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে, পরবর্তীতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৪/১) আওতাধীন নাখাল লুকাস মোড় সংলগ্ন এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করি। এলাকায় নকশা বহির্ভূত ২ (দুই) টি বহুতল ভবনের আংশিক অপসারণসহ ভবন মালিককে জরিমানা করা হয়। ১ টি ভবনের ব্যতয় বেশি থাকায় ১ (এক) লক্ষ টাকা নগদ জরিমানা করে তাৎক্ষনিক আদায় করা হয়।
এই ভবনে নকশা বহির্ভূত সেটব্যাক ও ভয়েভ এ ব্যত্যয় পাওয়া গেছে।প্রাথমিক ভাবে আমরা একটি ৮ম তলা ভবনের ২য় ও ৩য় তলার সেটব্যাক ও ভয়েভ ভেংগে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবন মালিককে পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতয় করে যে ফ্লোর গুলো নির্মাণ করা হয়েছে সেই গুলো নিজ দায়িত্বে ভেঙ্গে ফেলার জন্য মুচলেকা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে রাজউক অভিযানের পাশাপাশি জন সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে নির্মাণাধীন ভবনের মালিকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তী কর্মসূচিতে লার্ভা শনাক্ত হলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার -৪/১ মো. ইমরুল হাসান। এছাড়াও অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ রাজউকের জোন ৪/১ এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা।