ডেঙ্গু আক্রান্ত ছেলের চিকিৎসা নিয়ে বিপাকে মা শারমিন

ভোলার বোরহানউদ্দিনে ডেঙ্গু আক্রান্ত ছেলের চিকিৎসা নিয়ে বিপাকে অভাবী মা। যেখানে তিন বেলা খাবার সরবরাহ কঠিন,সেখানে ছেলেকে উন্নত চিকিৎসা খরচ চলানো তার জন্য অসম্ভব। অভাবের কাছে স্নেহ, মমতা ভরা এক মা যেন অসহায় হয়ে পড়ছে। ছেলেকে নিয়ে অর্থ সংকট আর ডেঙ্গু সঙ্গে লড়াই করছেন মা।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সরেজমিনে খবর নিতে গেলে শারমিন আকতার নামে এক মা তার সন্তানের চিকিৎসা খরচ নিয়ে এসব কথা তুলে ধরেন।

মা শারমিন আকতার জানান, তার দুই ছেলে। বড় ছেলে সাজিম (১০)। ব্র্যাক স্কুলে লেখাপড়া করে। কয়েকদিন হলো ছেলেটা ডেঙ্গু জ্বরে আক্রান্ত। কুতুবা গ্রামের ছাগলা ইউনিয়নে তাদের বাসা। ৩ হাজার টাকা ধার নিয়ে ১৭ জুলাই ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর টাকা শেষ।  এদিকে ছেলের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।

তিনি জানান, তিন বেলা খেতে পারি না। অভাবের সংসার। এক বেলা খেলে অন্য বেলা উপোস থাকতে হয়। কেমনে চলছি জানে আল্লাহ। হাউমাউ করে কেঁদে বলেন, আল্লাহ আমি টাকা পাব কই? কী দিয়া চিকিৎসা করামু।

ছবি: ইত্তেফাক  

৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বশীল ইমরান জানান, হাসপাতালের  দ্বিতল ভবনের আন্ত মহিলা ওয়ার্ডে রোগী আর রোগী। সঙ্গে আছে স্বজনরা। সব মিলিয়ে বেশ জটলা।

হাসপাতালে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স শাহনাজ ও নুশরাত জানান, প্লাটিলেট দিন দিন কমছে। ভর্তির দিন ১৭ জুলাই ছিল  এক লাখ ৮৭ হাজার,১৮ জুলাই   এক লাখ ৪৮ হাজার,১৯ জুলাই দাঁড়িয়েছি ৬৮ হাজার।এ অবস্থা উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া প্রয়োজন। ঢাকার কথা শুনেই বাকরুদ্ধ মা।