শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যেমন মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে জন্য এগিয়ে এসেছিল দেশকে স্বাধীন করতে। ঠিক একইভাবে দেশের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও মুক্তিযোদ্ধার সোচ্চার থেকে আওয়াজ তুলে তাদের প্রতিহত করতে হবে।
শনিবার (২২ জুলাই) শরীয়তপুরের জাজিরায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীরমুক্তিযোদ্ধাদের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সামসুল হক খান।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা রক্ষা করতে পারি নি। এটা আমাদের ব্যর্থতা। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খুনিদের বিচার হয়েছে। কিন্ত ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত ছিলো তাদের ইতিহাস বাংলাদেশ মানুষের জানার অধিকার রয়েছে। এই ইতিহাস যতদিন না উন্মুক্ত হবে, বাংলাদেশের মানুষ পরিস্কারভাবে জানতে না পারবে, ততদিন ষড়যন্ত্রকারী, সুবিধাবাদীদের অপতৎপরতা চলতেই থাকবে। এদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
ইকবাল হোসেন অপু বলেন, বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য তারা বিভিন্ন সময়ে নানারকম কৌশল গ্রহণ করছে। একসময় তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সারাদেশে তাণ্ডব চালিয়েছিল। তাদের প্রধান লক্ষ্য শেখ হাসিনার সরকারকে উৎখাত করা। এই দেশে সংবিধান মতে নিরপেক্ষভাবে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাকে চাইবে তারাই ক্ষমতায় আসবে। আর কোনো ষড়যন্ত্র হলে আওয়ামী লীগের কর্মীরা তাদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।
এসময় জাজিরা উপজেলার মুক্তিযোদ্ধারা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।