গত কয়েক বছর ধরে নিয়মিত উপন্যাস লিখছেন জনপ্রিয় গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। বইমেলা ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তার বইয়ের পাঠক বাড়ছে নিয়মিত। এবার প্রায় দশ বছর পর কাব্যগ্রন্থ নিয়ে হাজির হচ্ছেন এক সময় নিয়মিত গান রচনা করা এ গীতিকবি । আগামী আগস্টে ঐতিহ্য’র ব্যানারে শিবলীর বেশ কিছু কবিতার সংকলন ‘যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে’ শীর্ষক কাব্যগ্রন্থটি বাজারে আসবে।
লতিফুল ইসলাম শিবলী এ প্রসঙ্গে বলেন, এ কাব্যগ্রন্থে ৭০টি কবিতা থাকছে। যার মধ্যে দুটো কবিতার ইংরেজি অনুবাদ আছে। আমার একটি ইংরেজি কবিতাও থাকছে এ গ্রন্থে। কাব্যগ্রন্থটির বিভিন্ন কবিতায় রাজনীতি, দ্রোহ, আধ্যাত্মিকতা, বিশ্ব রাজনীতি ও প্রেম উঠে এসেছে।
কয়েক বছর আগে ফিলিস্তিনের যুবক ফাদি আবু সালাহ – কে নিয়ে একটি কবিতা লিখেছিলেন শিবলী। কবিতাটি সে সময় ভাইরাল হয়েছিলো, সেটিও এ কাব্যগ্রন্থে থাকছে বলে জানান তিনি।
কবিতায় বিরতি প্রসঙ্গে শিবলী বলেন, আমি গত দশ বছর ধরে উপন্যাসের সাথে সাথে কিছু কিছু কবিতাও লিখেছি। আমি চাইলেই কবিতা লিখতে পারি না, আমি কবিতার জন্য প্রতীক্ষায় থাকি । কবিতা সাহিত্যের সবচেয়ে কঠিন একটি মাধ্যম। যদিও আমরা কবিতা লিখছি; কিন্তু সেটা আদৌ কবিতা হয়ে উঠছে কি – না তা টের পাচ্ছি না। আমার অনেক কবিতা আছে যা বইতে দিচ্ছি না। সেগুলো গান হতে পারে; কিন্তু কবিতা নয়। কবিতা কী তা বলে বোঝানো যাবে না। এটি একটি বোধ। কাব্যচর্চা করতে করতে যা তৈরী হয়। গান লেখা সহজ। কিন্তু কবিতা সহজে লেখা যায় না।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে লতিফুল ইসলাম শিবলী র প্রতি বইমেলায় উপন্যাস প্রকাশিত হচ্ছে। তার প্রথম কাব্যগ্রন্থ ‘ইচ্ছে হলে ছুঁতে পারি তোমার অভিমান’, যা প্রকাশিত হয় ১৯৯৫ সালে। শিবলী রচিত আলোচিত গানের মধ্যে রয়েছে- আমি কষ্ট পেতে ভালোবাসি, কেউ সুখী নয়, হাসতে দেখ গাইতে দেখ, আমি জেল থেকে বলছি, তুমি আমার প্রথম সকাল, হাজার বর্ষা রাত ইত্যাদি।