বিয়ের আসরে হাজির হাতির পাল, পালালো বর-কনে 

হাতির ওপরে চরে বিয়ে বাড়িতে বরের আগমন তো অনেক দেখেছেন। কিন্তু কখনো কি শুনেছেন বিয়ে বাড়িতে অতিথি হিসেবে হাজির এক হাতির পাল? সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জঙ্গলভাঙ্গা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয় হাতির পাল। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেলে চেপে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন বর–কনে। টাইমস অব ইন্ডিয়া সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, বিশাল প্যান্ডেল করে খোলা মাঠে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাবুর্চিরা খাসির মাংস, লাউ–চিংড়ি, মসুর ডাল আর আলুর বিভিন্ন পদ তরকারি রান্না করেছিলেন। রান্না শেষে অতিথিদের আপ্যায়নের জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিলো ঠিক তখনি একদল অনাকাঙ্ক্ষিত অতিথি অর্থাৎ এক পাল হাতি এসে হাজির। আয়োজকেরা তাদের দেখে অতিথিদেরকে ওখান থেকে সরে যেতে বলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে সম্প্রতি ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনের কারণে ঝাড়গ্রাম জেলার সব বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলেও ঐ জেলার মানুষ এখন হাতির ভয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে পারছে না।

জানা গেছে, গ্রামের বিভিন্ন স্থানে হাতিরা দল বেঁধে ঘুরে বেড়ানোর কারণে ভয়ে কোনো অতিথি বিয়েতেও যেতে চাচ্ছে না। ঝাড়গ্রামের বিভিন্ন স্থানে শতাধিক বুনো হাতি দল বেঁধে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। এতে জঙ্গলভাঙ্গা, কাজলা, কুসুমগ্রাম ও কলবানি গ্রামের মানুষের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়েছে।