ভারতের উত্তর প্রদেশের বারাবাঙ্কি গ্রামের বসিন্দা ১৮ বছরের আশিফা। প্রেমিক চাঁদ বাবুর সঙ্গে সম্প্রতি পালিয়ে গিয়েছিলেন তিনি। পরে পুলিশ দুজনকে উদ্ধার করে নিয়ে আসে। আশিফাকে তুলে দেওয়া হয় তার পরিবারের কাছে। আর চাঁদ বাবুর ঠাঁই হয় জেলে।
আশিফার এমন আরচণ মেনে নিতে পারেনি তার পরিবার। তবে আশিফার ২২ বছর বয়সি ভাই রিয়াজ যে কাণ্ড ঘটিয়েছেন তাতে পুরো গ্রাম বাকরুদ্ধ হয়ে গেছে। এ বিষয়টি নিয়ে ভাই-বোনের মধ্যে শুক্রবার তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বোনের শিরশ্ছেদ করেন রিয়াজ। তারপর আশিফার কাটা মাথা নিয়ে রওয়ানা হন স্থানীয় থানায়। তবে পথিমধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ভাইবোনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে এই কাণ্ড ঘটান ভাই রিয়াজ। অতিরিক্ত পুলিশ সুপার আশুতোষ মিশ্র বলেন, ‘রিয়াজ ধারালো একটি অস্ত্র দিয়ে তার বোনের শিরশ্ছেদ করে বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ যখন তাকে গ্রেফতার করে তখন তিনি তার বোনের মাথা হাতে নিয়ে থানার দিকে যাচ্ছিলেন।
মিশ্র আরো বলেন, আশিফা সম্প্রতি একই গ্রামের বাসিন্দা চাঁদ বাবুর সঙ্গে পালিয়ে যান। পুলিশ কয়েক দিন পর তাকে উদ্ধার করে। আশিফার পরিবারের সদস্যদের করা অভিযোগের ভিত্তিতে চাঁদ বাবুকে কারাগারে পাঠানো হয়েছে। ভাই রিয়াজের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
এএসপি বলেন, পুলিশের একটি দল শিরশ্ছেদের স্থান থেকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের পর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রিয়াজ তার পরিবারের সম্মান রক্ষার্থে বোনের সম্পর্কের বিরোধিতা করতেন। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।