টকশোতে এমপি এনামুলকে ‘শিবিরের সভাপতি’ বলায় বিএনপি নেতা মিনুর বিরুদ্ধে মামলা

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হককে টকশোতে ‘শিবিরের নেতা’ বলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

রোববার (২৩ জুলাই) সংসদ সদস্য এনামুল হক বাদী হয়ে ঢাকার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করেন।

এনামুল হক বলেন, গত ১৯ জুলাই রাত ১টার সময় ও ২০ জুলাই সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, ‘এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিছুই করতে দেখিনি। বরং বগুড়ায় যখন পড়াশোনা করত তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল।’ এ ধরনের বিতর্কিত বক্তব্যে তার মানহানি ও সমাজে মর্যাদাহানি হয়েছে।

বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, আমার দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার। আমি অনেক উত্থান-পতন দেখেছি। আমি যা জানি সরল বিশ্বাসে তাই বলেছি। সত্য বলায় মামলা হলে আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করা হবে।