ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদলের নেতাকে হাসপাতালে ভর্তি করানোর কারণে দুই মাস যাবৎ বেতন বন্ধ রয়েছে বলে দাবি করেছেন ন্যাশনাল সার্ভিসের এক কর্মচারী।
রোববার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গনে দুই মাসের বকেয়া বেতন ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে তিনি একাই মানববন্ধন করেন।
মানববন্ধনে তিনি দাবি করেন, বেকার সমস্যা দূর করতে সরকারের পাইলট প্রকল্প ‘ন্যাশনাল সার্ভিস’ কর্মসূচিতে গত বছরের ১লা সেপ্টেম্বর চাকরিতে নিয়োগ পান। চাকরিতে নিয়োগ পাওয়ার পর যুব উন্নয়ন অফিস থেকে তাকে নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পদায়ন করা হয়। দুই মাস আগে নাসিরনগর কলেজ মোড়ে বিএনপির দুই গ্রুপের মারামারি হয়। তখন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহত হলে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এনিয়ে বিভিন্ন গণ্যমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সেই সংবাদে আমার ছবি প্রাণিসম্পদ কর্মকর্তার দৃষ্টিতে আসলে অফিসে কাজ করতে পারব না বলে জানিয়ে দেওয়া হয়। অফিসে গিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে অনুরোধ করার পর পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। ওই ঘটনার পর থেকে আমার দুই মাসের বেতন-ভাতাও বন্ধ রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম বলেন, আমি কাউকে বেতন বন্ধ করিনি এবং কাজে যোগদান করতেও বাধা প্রদান করিনি। বরং ওই কর্মচারী অফিসে আসেন না দীর্ঘদিন ধরে। সে ইউএনও এবং যুব উন্নয়ন কর্মকর্তার কাছে না গিয়ে মিডিয়াতে যাওয়ার কারণ কী বুঝতে পারছি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। বিষয়টি খোঁজ নিয়ে বলতে পারবো।