রাজধানীর বনানীতে বাসচাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত ও আরও একজন আহত হয়েছেন। নিহত শিক্ষার্থী ফাতেমা খাতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি’র শিক্ষার্থী।
এই ঘটনায় আহত শিক্ষার্থী রাবেয়া খাতুন শিফা আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ব্র্যাক ইউনিভার্সিটি’র শিক্ষার্থী। তারা পরস্পরের মামাতো-ফুফাতো বোন।
রোববার (২৩ জুলাই) বনানীতে চেয়ারম্যানবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় উত্তরা অভিমুখী আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাতেমা খাতুন মারা যান।
বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রোববার বিকেল সাড়ে ৩টায় বনানীতে চেয়ারম্যানবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় উত্তরা অভিমুখী আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। পথচারীরা তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ফাতেমা খাতুন মারা যান।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। বস চালককেও আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।