নির্বাচনে ভোটার আনা নির্বাচন কমিশনের দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তার মতে, এই দায়িত্ব প্রার্থীদের ওপর বর্তায়।
আসন্ন চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে আজ রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি আনিছুর বলেন, 'ভোটার উপস্থিতি নিশ্চিত করা ইসি বা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব নয়। এ বিষয়ে প্রার্থীদের ভালোভাবে প্রচারণা চালানো উচিত।'
তিনি আরও বলেন, 'কয়েক মাস পর দ্বাদশ জাতীয় নির্বাচন হওয়ার কারণে সদ্য সমাপ্ত উপনির্বাচনে ভোটাররা তেমন আগ্রহ দেখায়নি।'
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ।
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন আগামী ৩০ জুলাই হওয়ার কথা।
নির্বাচন কমিশনার আনিছুর বলেন, 'চট্টগ্রাম-১০ উপনির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ। সিসিটিভি বসানোর কাজ চলছে। আশা করি এখানে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।'
ঢাকা-১৭ উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনা 'অপ্রত্যাশিত' উল্লেখ করে তিনি বলেন, 'ভোটের শেষ সময়ে এ ঘটনা ঘটেছে। এটা নিয়ে অনেক ধরনের মতামত আছে। বরিশালেও আরেকটি ঘটনা ঘটেছিল। এগুলো নিন্দনীয়। এসব ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'