সূত্রাপুরে শ্বাসরোধে প্রেমিকাকে হত্যা করে প্রেমিকের দোষ স্বীকার

পুরান ঢাকার সূত্রাপুরে আফসানা আক্তার শিপা (২১) নামে এক কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আসামি সৈকত সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

গতকাল রোববার (২৩ জুলাই) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। পরে তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক ফিরোজ আলী। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। আদালতে সূত্রাপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রনপ কুমার বিষয়টি জানিয়েছেন।

পুলিশ জানায়, নিহত শিপা শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট  কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সৈকত উদয়ন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। দুজন দুই ধর্মের, বিয়ে করতে পারবেন না, পরিবারও মেনে নেবে না। এসব বিষয় নিয়ে শনিবার দুপুরে শিপা ও সৈকতের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে শিপার গলা টিপে অচেতন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সৈকত। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে। তারা শিপাকে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিপার বাবা মো. ফজলুর রহমান বাদী হয়ে সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহারে মো. ফজলুর রহমান বলেন, শনিবার বিকালে পুলিশের মাধ্যমে খবর পাই, সূত্রাপুর থানার ২৩, ২৩/২ সিংটোলা প্রাতাপ দাস লেনে সৈকতের বাসায় শিপার মৃতদেহ পড়ে আছে। পরে আমিসহ পরিবারের কয়েক জন আসামির ঘরে খাটের ওপর শিপার মৃতদেহ দেখতে পাই। পুলিশও সেখানে ছিল।’