মোহাম্মদপুর এলাকায় নকশা বহির্ভূত ভবন ভাঙলো রাজউক

রাজধানীর মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান চলাকালীন নকশা বহির্ভূত কয়েকটি ভবনে নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।

সোমবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুরে শেষ হয়।

শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৫/১) মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি এলাকায় রাজউক নকশা ছাড়া ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ দুইটি ভবনের মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। কয়েকটি নকশা বহির্ভূত ভবনে প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ করাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেয়া হয়।

এলাকাযটি ড্যাপের আওতাধীন হওয়ায় কোনো নতুন ভবন নির্মাণ করতে হলে রাজউক থেকে অনুমোদন নিতে হবে।

তিনি আরো বলেন, ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পানি যেন জমে না থাকে মালিকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তী কর্মসূচিতে লার্ভা শনাক্ত হলে জরিমানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড সাব্বিরুল হোসেন, প্রধান ইমারত পরিদর্শক ফাতহ্, ইমারত পরিদর্শক বাপ্পি বিশ্বাসসহ রাজউকের কর্মকর্তারা।