বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, করোনা মহামারিতে সরকার কোনো প্রতিকারই করতে পারেনি। এরপর আসল ডেঙ্গু। এর মূল দায়িত্ব হচ্ছে সিটি করপোরেশনের কিন্তু সেই সিটি করপোরেশনের মেয়ররা নানাবিধ কাজে বিদেশ ভ্রমণ করছেন। আর এদিকে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। এখানে তাদের কোনো খেয়াল নেই, পদক্ষেপ নেই।
সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে স্কাউট ভবন মার্কেটের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রতিদিন আমরা ডেঙ্গুতে আক্রান্ত মানুষের মৃত্যুর সংখ্যা দেখছি। প্রতিদিন বিভিন্ন হাসপাতালে কত মানুষ যে মারা যাচ্ছে তার ইয়ত্তা নেই। আজকে যেসব মানুষের উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ নেই, নিম্ন মধ্যবিত্তরা যারা বস্তিতে আক্রান্ত হচ্ছেন তারা বাড়িতেই মারা যাচ্ছেন। এদের পরিসংখ্যানও ঠিকমতো হাতে পৌঁছে না। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি যাচ্ছে একের পর এক।
রিজভী বলেন, বিএনপির এ নেতা বলেন, ইতোমধ্যে দেখেছেন ঢাকা-১৭ আসনে তামাশার নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন, পুলিশ-প্রশাসন দিয়ে প্রহসনের নির্বাচন তারা করলেন। এতেই প্রমাণিত হয়েছে যে, শেখ হাসিনার অধীনে কখনোই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হবে না। এটা একেবারে নিশ্চিত। আজকে ভোটের সুস্থতার জন্য শেখ হাসিনার পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা দরকার।
জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেডআরএফ’র ডা. এএইচএস হায়দার পারভেজ, প্রকৌশলী মাহবুব আলম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।