স্কাই স্পোর্টসের খবর

এমবাপ্পেকে ৩০০ মিলিয়নে ছাড়তে রাজি পিএসজি!

সম্প্রতি ক্লাব ছাড়ার পিএসজিকে চিঠি দেন কিলিয়ান এমবাপ্পে। এরপর থেকে চলমান দলবদলে সবচেয়ে বেশি আলোচনায় চলে আসেন এই ফরাসি ফুটবলার। বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে দলে ভেড়াতে পিএসজিকে অবিশ্বাস্য প্রস্তাব দেয় সৌদি আরবের ক্লাব আল হিলাল। সৌদি ক্লাবের সেই প্রস্তাবে সাড়া দিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। এমনটি জানিয়েছে স্কাই স্পোর্টস। 

সৌদি আরবের ক্লাব আল হিলাল এমবাপ্পের জন্য ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয় পিএসজিকে। সেই প্রস্তাবটি গ্রহণ করেছে পিএসজি। তবে সব কিছু নির্ভর করছে এমবাপ্পের ওপর। বিষয়টি নিয়ে ফরাসি তারকার সঙ্গে কথা বলতে বলেছে পিএসজি। তবে ইএসপিএন ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলেছে, এমবাপ্পে এই প্রস্তাবে মোটেও রাজি নন।

এমবাপ্পের সঙ্গে চুক্তির আর এক বছর বাকি আছে পিএসজির। তিনি আর সেটি বাড়াতে রাজি নন। এদিকে ফরাসি জায়ান্টরা চুক্তি শেষে এমবাপ্পেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে চায় না। এতে আর্থিকভাবে লাভ হবে না পিএসজির। আর তাই এমবাপ্পেকে এখনই বিক্রি করে দিতে চায় ফরাসি ক্লাবটি।