হিন্দু-মুসলিম সকলকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে গড়ে তুলবো:  নিক্সন চৌধুৃরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, হিন্দু-মুসলিম সকলকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে গড়ে তুলবো।

তিনি বলেন, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ করেছেন। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। হিন্দু-মুসলিম সকলকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে গড়ে তুলব।

সদরপুরের আটরশি নিত্যানন্দ সেবা সংঘ মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে সোমবার ( ২৪ জুলাই) রাতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নিক্সন চৌধুরী এসব কথা বলেন।

হিন্দু-মুসলিম সকলকে এক সঙ্গে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে এমপি নিক্সন। ছবি: ইত্তেফাক

এমপি নিক্সন বলেন, ধর্ম যার যার, দেশ সবার। সকল ধর্মের জনগণ এখানে স্বাধীনভাবে ধর্ম পালনের সংবিধানিক অধিকার রয়েছে। সব ধর্মের জনগণ ৭১-এর স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধ করে এইদেশকে স্বাধীন করেছে।

অপূর্ব চক্রবর্তীর সঞ্চালনায় নিত্যানন্দ সেবা সংঘ মন্দিরের সভাপতি শ্রী সুশান্ত চক্রবর্তী সভাপতিত্বে নামযজ্ঞ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, সরদপুর ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর, নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম সাহাবুর, জেলা পরিষদের সদস্য এখলাছ আলী ফকির, নিত্যানন্দ সেবা সংঘ মন্দিরের সাধারণ সম্পাদক নারায়ণ সাহা, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুলসহ আওয়ামী-যুবলীগের নেতাকর্মী।