রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহী।
মঙ্গলবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডের পেছনে সড়কে এই দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানাপুলিশ সত্যতা নিশ্চিত করেছে।
নিহত ব্যক্তির নাম জসিম উদ্দীন সরকার (৫২)। মোটরসাইকেলের আহত আরোহীর নাম সাথী আক্তার (৩৩)।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে জসিম ও সাথী ছিটকে পড়েন। জসিম ঘটনাস্থলেই নিহত হন। সাথীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে জসিমের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।