নির্বাচিত হওয়ার পর রাজধানীর ভাষানটেক ৪ নম্বর বস্তি ও লালাসরাই এলাকা পরিদর্শনে গিয়েছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল ৪ টায় এসব এলাকা পরিদর্শন করেন তিনি।
মোহাম্মদ এ আরাফাত স্থানীয়দের সঙ্গে জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি ও বস্তির গলিগুলোয় বৈদ্যুতিক বাতির ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এ সময় তার সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রকৌশলী দল উপস্থিত ছিলেন। নৌকা মার্কাকে বিজয়ী করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।
গত ১৮ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। নৌকা প্রতীকের প্রার্থী আরাফাত পান ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পান ৫ হাজার ৬০৯ ভোট।