মাদারীপুর পৌর শহরে মোবাইলে কল করে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গবার (২৫ জুলাই) বিকাল ৫টার দিকে পৌর শহরের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সবুজ মৃধা (২৯) সদর উপজেলার নতুন শহর এলাকার বাদশা মৃধার ছেলে।
হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মাদারীপুর পৌর শহরের নতুন শহর এলাকার বাড়িতে ঘুমিয়ে ছিল সবুজ মৃধা। হঠাৎ তার মুঠোফোনে কল এলে সবুজ চলে আসে বাদামতলায়। সেখানে যাওয়া মাত্রই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হাত এবং পায়ের রগ কেটে ফেলে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগীর সবুজের বাবা বাদশা মৃধা বলেন, যারা আমার ছেলেকে ফোন করে ডেকে নিয়ে কুপিয়েছে আমি তাদের বিচার চাই। এভাবে একটা মানুষকে কোপাতে পারে না। তারা মানুষ নামের পশু।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শাওলীন আফরোজ বলেন, বিকালের দিকে সবুজ নামের এক রোগীর হাত এবং পা ও শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় কোপের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাদামতলা এলাকায় সবুজ নামের এক ছেলেকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে। বিষয়টি শুনেছি। এখনো ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।