সাড়ে ১২ কোটি টাকা বকেয়া দানকর দিলেন ড. ইউনূস

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা প্রায় সাড়ে ১২ কোটি টাকা বকেয়া দানকর পরিশোধ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার একটি পে-অর্ডারের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেন তিনি। তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মো. রুহুল আমিন সরকার বেসরকারি ব্যাংক সাউথ ইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখায় এই টাকা জমা দেন।

বকেয়া দানকর প্রদান করে এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে কর অঞ্চল-১৪, সার্কেল-২৮৭ এর উপর কর কমিশনারকে অবহিত করেন তিনি। চিঠিতে বলা হয়েছে, বকেয়া দানকর পরিশোধের জন্য কর অঞ্চল থেকে নোটিশ দেওয়া হয়। নোটিশের পরিপ্রেক্ষিতে করদাতা ড. মুহাম্মদ ইউনূস আপিল বিভাগে আপিল করেন। কিন্তু আপিল বিভাগ দানকর পরিশোধ করতে হবে বলে রায় দেন, যা করদাতা সংবাদমাধ্যম থেকে জানতে পারেন। রায় অনুযায়ী দানকর বাবদ ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা মঙ্গলবার সাউথ ইস্ট ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।

মামলা থেকে জানা যায়, ১৯৯০ সালের দানকর আইন অনুযায়ী কয়েকটি করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে প্রায় সাড়ে ১২ কোটি টাকা কর দাবি করে পৃথক পৃথক নোটিশ পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। ২০১৪ সালের ২০ নভেম্বর তার আবেদন খারিজ করে দেওয়া হয়। ২০১৫ সালে তিনি হাইকোর্টে তিনটি আয়কর রেফারেন্স মামলা করেন। মামলার রুলের চূড়ান্ত শুনানি শেষে মৃত্যু ও পরিবারের সদস্যদের কল্যাণ চিন্তা করে নিজের নামে প্রতিষ্ঠিত তিনটি ট্রাস্টে যে টাকা দান করেছেন, সেই দানের বিপরীতে এনবিআরের আরোপ করা দানকর বৈধ ঘোষণা করে গত ৩১ মে রায় দেন হাইকোর্ট। সেই রায় বহাল রাখে আপিল বিভাগ।