চকরিয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার (২৫ জুলাই) ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।  

উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদারপাড়া ও স্কুল পাড়ার মধ্যবর্তী রাস্তায় এ ঘটনায় নিহত শেফায়েত হাবিব (২০) চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদার পাড়ার শাহাব উদ্দিনের ছেলে।

অভিযুক্ত তারিকুল ইসলাম মিশু (২০) একই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের স্কুলপাড়ার আবু বককরের ছেলে।

চকরিয়ায় থানার ওসি জাবেদ মাহমুদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কালাগাজী সিকদার পাড়া ও স্কুলপাড়ার মধ্যবর্তী রাস্তার ওপরে বসা অবস্থায় শেফায়েত হাবিবকে পেছন থেকে ছুরিকাঘাত করে মিশু পালিয়ে যায়।  এতে গুরুতর জখম হয় হাবিব। পরে স্থানীদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে হাবিব মারা যান।