চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২৬ জুলাই) পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাদিফকিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচংয়ের পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুব (৩৫) ও একই এলাকার ফুল মিয়ার ছেলে প্রাইভেট কারের যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)।
আহতরা হলেন নিহত মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী (৩৫), দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫)।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, ভোরে কক্সবাজার থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি প্রাইভেটকার মিরসরাইয়ের হাদিফকিরহাট এলাকায় পৌঁছে মহাসড়ক পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালকসহ দু’জন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মাহবুব ও মাইনুদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে চালক ঘুম নিয়ে গাড়ি চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।