কক্সবাজারের উখিয়ার আশ্রয় ক্যাম্পের নিজ ঘর থেকে এক রোহিঙ্গাকে তুলে নেওয়ার কয়েক ঘণ্টার পর দুপুরের দিকে তার লাশ পাওয়া যায়। বুধবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২/ইস্টের ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. ইসহাক (৫০) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ ব্লক-এ/১ মোহাম্মদের ছেলে।
নিহতের পরিবারের বরাতে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বুধবার সকাল ৭টার দিকে অস্ত্রধারী অজ্ঞাত সন্ত্রাসীরা রোহিঙ্গা ইসহাককে তার নিজ বসত ঘর থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যান। পরবর্তীতে দুপুর ১২টার দিকে ক্যাম্প-২/ইস্টের ব্রিজের নিচে তার লাশ পাওয়া যায়। নিহতের চোখ, হাত ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে থানার এস আই বরকত উল্লাহ ঘটনাস্থলে পৌছে মরদেহটি এপিবিএন পুলিশের সহায়তায় উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন ওসি।
সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে হত্যার ঘটনা বেড়েই চলেছে। কোথাও না কোথাও নিত্যদিন হত্যার ঘটনা ঘটেই চলছে। কয়েক সপ্তাহ আগে একসাথে ৫জন নিহত হবার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বেশ কয়েকজন চিহ্নিত অপরাধী ধরা পড়ার পর কয়েকদিন হত্যা বন্ধ ছিল।