ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সরকার পুনরায় ক্ষমতায় আসলে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত হবে।
তিনি জানান, শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় না আনলে দেশ আরও ২০ বছর পিছিয়ে পড়বে। সরকার যে সকল মেঘা প্রজেক্ট হাতে নিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারলে দেশ হবে সিঙ্গাপুর ও মালেশিয়ার মত উন্নত রাষ্ট্র। এ জন্য দেশের জনগণকে ভেবেচিন্তে ও বিবেচনা করে মুক্তিযুদ্ধের স্বপেক্ষের শক্তিকে ভোট দিতে হবে।
সদরপুরের চরবিষ্ণপুর ইউনিয়নের জাকেরেরডাঙ্গী গ্রামে এলজিইডির প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজের ফলক উম্মোচনকালে মঙ্গলবার (২৫ জুলাই) রাতে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের এমপি এসব কথা বলেন।
এমপি নিক্সন বলেন, গত সাড়ে ৯ বছরে আমি সদরপুরে রাস্তা-ঘাটসহ যে উন্নয়ন করেছি, গত ৪০ বছরে এমন উন্নয়ন আর কেউ করেনি। বর্তমানে এখানে কোনো পাকা করার মতো সড়ক বাকি নেই।
আমার রাজনৈতিক প্রতিপক্ষ কাজী জাফরউল্লাহ ও তার চাচা ৩০ বছর এমপি ছিলেন, কী উন্নয়ন করেছেন তারা? বক্তব্যকালে তিনি এমন প্রশ্ন তুলে ধরেন।
চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় সভায় উপস্থিত ছিলেন সদরপুর থানা ওসি মামুন আল রশিদ, উপজেলা প্রকৌশলী আবদুল মমিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও এমপির সমর্থিত নেতাকর্মী।