রুপগঞ্জ পূর্বাচল ১ নম্বর এবং ৮ নম্বর সেক্টর এলাকায় রাস্তা দখল করে অবৈধ স্থাপনাসহ নকশা বহির্ভূত ভবনে রাজউক উচ্ছেদ অভিযান চালিয়েছে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।
আজ বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় দুপুরে। অভিযানের সময় রাস্তার জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় তা ভেঙে দেওয়াসহ অঙ্গীকারনামা নেওয়া হয়। এছাড়াও রাজউকের কাছে কিছু কিছু প্লট মালিক নিজ দায়িত্বে ভেঙে দেবে বলে অঙ্গীকার করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৪/২) রুপগঞ্জ পূর্বাচল এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনের অংশবিশেষ ভেঙে ফেলে। এছাড়াও রাজউক থেকে আবাসিক ভবনের অনুমতি নিয়ে বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করা যাবে না মর্মে একজন প্লট গ্রহিতার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
স্থানীয়রা জানান, নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে গিয়ে স্থাপনা নির্মাণ করবে না।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী মাসুক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রধান ইমারত পরিদর্শক মোঃ মিজানুর রহমান, ইমারত পরিদর্শক মোঃ আবু তৈয়বসহ রাজউকের কর্মকর্তা।