মাদকের কারবার নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ

রংপুরের পীরগঞ্জে মাদক কারবার নিয়ে বাকবিতণ্ডার জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে হেলাল (৩৬) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রী ফাতেমাকে (৩০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে উপজেলার পৌর এলাকার বৈরাগী পাড়ায় এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত হেলাল (৩৬) উপজেলার পৌর এলাকার বৈরাগী পাড়ার বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, নিহতের পুরো পরিবার মাদক কারবারের সঙ্গে জড়িত। ওই পরিবারের সদস্যদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। নিহত হেলাল মাদক মামলায় ১ মাস জেল খেটে মঙ্গলবার জামিনে মুক্তি পেয়ে বিকালে বাড়িতে আসেন। এদিন রাত ১০টার দিকে মাদকের কারবার নিয়ে নিহত হেলালের সঙ্গে তার ছোট ভাই মহিবুল ইসলামের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মহিবুল তার বড় ভাইকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় হেলালকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল আলম বলেন, নিহতের পরিবার ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে। এই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।