বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। বুধ ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নওগাঁ: নওগাঁর পত্নীতলায় মাছবাহী এবং আম বোঝাই দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে পত্নীতলা-সাপাহার সড়কের করমজাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার যোথগবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে চালক রফিকুল ইসলাম ও রাজারহাট উপজেলার রতিরাম গ্রামের জরিফ উদ্দিনের ছেলে সহযোগী শাহিন উদ্দিন। পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের আরও তিন যাত্রী। বুধবার ভোর ৬টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন প্রাইভেটকার চালক মাহবুব (৩৫) ও যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)। কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
কেশবপুর (যশোর): কেশবপুরে যাত্রীবাহী ট্রেকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চুকনগর-নওয়াপাড়া সড়কের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়খালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পাঁজিয়া গ্রামের দীপক মণ্ডলের কলেজ পড়ুয়া ছেলে দিপু মণ্ডল ওরফে সাগর (২৩) এবং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মৃত আকবর হোসেন আকোর ছেলে রাজু আহমেদ (২৬)। তারা একে অপরের বন্ধু। কেশবপুর থানার ওসি মফিজুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নবাবগঞ্জ (দিনাজপুর): নবাবগঞ্জে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন ভ্যানচালক নুর আলম (৩২)। তিনি ঘোড়াঘাট উপজেলার শৌলা দামোদরপুর গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে। বুধবার বেলা ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উপজেলার শৌলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
পলাশবাড়ী (গাইবান্ধা): পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে সবজি বাজারে বুধবার ট্রাকচাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আ. গোফফার মিয়া (৫৫)। নিহত গোফফার কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি সাজ্জাদ হোসেন।
রাণীনগর (নওগাঁ): রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রেহেনা (৪৫)। মঙ্গলবার বিকালে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঐ নারী উপজেলার একডালা গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রেহেনার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা করা হয়েছে।
গাইবান্ধা: গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম রাঙ্গা মিয়া (৫০)। বুধবার জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া একাডেমি বাজারে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ওসি রজ্জব আলী।