প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়া মারা গেছেন

প্রবীণ সাংবাদিক, সাংবাদিক নেতা ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক বার্তা সম্পাদক এম শাহজাহান মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বুধবার (২৬ জুলাই) রাতে রাজধানীর রামপুরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে এ কথা জানানো গেছে। 

তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
 
একজন বীর মুক্তিযোদ্ধা এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাহজাহান মিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার  হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, মুন্সীগঞ্জে জন্মগ্রহণকারী  শাহজাহান মিয়া  অসুস্থ  হয়ে সম্প্রতি নগরীর একটি  হাসপাতালে  চিকিৎসা নেন।