২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশ্বকাপ ও এশিয়া কাপের যৌথ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। বাছাইয়ের প্রথম রাউন্ডে দ্বীপ রাষ্ট্রের বিপক্ষেই লড়তে হবে লাল সবুজের জার্সিধারীদের। দুটি প্রতিযোগিতাতেই মালদ্বীপকে পেয়ে বেশ খুশি বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া।
বিশ্বকাপের বাছাইয়ের ড্র বাংলাদেশের জন্য ভালো হয়েছে মন্তব্য করে জামাল ভুঁইয়া বলেন, ‘প্লে অফে অন্য প্রতিপক্ষগুলো বেশি শক্তিশালী ছিল। মালদ্বীপের বিপক্ষে খেলা পড়ায় আমি মনে করি ভালো হয়েছে। মালদ্বীপকে আমরা সাফ চ্যাম্পিয়নশিপে হারিয়েছি। যে কারণে মানসিকভাবে আমরা আত্মবিশ্বাসী থাকব।’
তবে সাফের মালদ্বীপের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের মালদ্বীপ এক হবে না মন্তব্য করে তিনি আরও বলেন, ‘অক্টোবরের প্রেক্ষাপট ভিন্ন হতে পারে। আমরা সেজন্য প্রস্তুত থাকব, তবে সামগ্রিকভাবে ড্র নিয়ে আমি সন্তুষ্ট।’