বেশ কয়েক বছর সাধারণত ঢাকার সিনেমা পাইরেসি হয়নি। নানা কৌশলে অবৈধ এ কাজটি বন্ধ করতে সক্ষম হয়েছে ঢালিউড। কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আবার ফিরলো রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’র মাধ্যমে। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি ‘সুড়ঙ্গ’ নির্মাতা। এক ফেসবুক স্ট্যাটাসে পাইরেসি নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন তিনি। একই সঙ্গে যারা এই জঘন্য কাজটি করেছেন, তাদের বিরুদ্ধে আইনি সহায়তা নেয়ার উদ্দেশ্যে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে দেখা করেছেন সুড়ঙ্গ টিম।
বৃহস্পতিবার (২৭ জুলাই) হারুন অর রশীদ ফেসবুকে সুড়ঙ্গ টিম এর সঙ্গে ছবি পোস্ট করেন।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, সুড়ঙ্গ সিনেমার পাইরেসি রোধের বিষয়ে আইনগত সহায়তার জন্য সুড়ঙ্গ সিনেমার পরিচালক, প্রযোজক, নায়ক (অভিনেতা) ও নায়িকা (অভিনেত্রী) দেখা করেন ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে। এসময় তিনি তাদের দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এদিকে পরিচালক রায়হান রাফিও তার ফেসবুক প্রোফাইলে সুড়ঙ্গ টিমসহ হারুন অর রশীদের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন।
পাইরেসির কবলে পড়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’। অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে এই ছবি। এই নিয়ে চলচিত্র অঙ্গনের অনেকেই উদ্বেগ জানিয়েছে।