মাসিক চাঁদা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক দুর্ঘটনার মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ভজনপুর হাইওয়ে ওসি জাকির হোসেন মোল্লাহর বিরুদ্ধে।
ট্রাক ও কাভার্ডভ্যানের বৈধ কাগজপত্র থাকলেও ওসিকে প্রতিমাসে পৃথক পৃথকভাবে নিজে গিয়ে এবং বিকাশ নাম্বার্রে চাঁদা দিতে হয়। গত দু মাস ধরে চাঁদা দেওয়া বন্ধ করায় ক্ষুব্ধ হয়ে ওসি মহাসড়কে গাড়ি থামিয়ে সড়ক দুর্ঘটনার মিথ্যা মামলা দায়ের করেছেন। জেলার তেঁতুলিয়া উপজেলার ষালবাহান রোড এলাকার ট্রাক ব্যবসায়ী আব্দুল মজিদ এসব অভিযোগ করেছেন। এ ঘটনায় ওই ভুক্তভোগী গাড়ির মালিক সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে অভিযোগ করেছেন।
জানা গেছে, গত শুক্রবার দুপুরে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের ডাহুক সেতু সংলগ্ন এলাকায় কাভার্ড ভ্যান জেকে লিমিটেডকে একটি দ্রুতগামী পাগলু ধাক্কা দেয়। এ সময় পাগলুটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনার সময় স্থানীয়রা পাগলুর চালক ও এক যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে একটি অটোবাইক দাঁড় করায়।এসময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-০২৯৫) অটোবাইক ও তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রী এবং উদ্ধারকারীদের ধাক্কা দেয়। এতে পাগলুর চালক নুরুল ইসলাম, অটোচালক সবুজ, উদ্ধারকারী সহিরউদ্দীন, তনজিনা খাতুন, সাইকেল চালকসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত পাগলুচালক নুরুল ইসলামকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ভজনপুর হাইওয়ে থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ট্রাকটিকেও আটক করে। কিন্তু নুরুল ইসলাম মৃত্যুর ঘটনায় কাভার্ড ভ্যান জেকে পরিবহণের বিরুদ্ধ মামলা দায়ের করেন।
অভিয্গেকারী জেকে কাভার্ড ভ্যানের মালিক আব্দুল মজিদ জানান, দূর্ঘটনার সময় আহত ও প্রত্যক্ষদশীরা বলছেন, ট্রাকের ধাক্কায় নুরুল ইসলামসহ আরও ৪/৫ জন উদ্ধারকারী আহত হয়েছে। অথচ ওসি আমার গাড়ির নামে মামলা দায়ের করেছে। ওসি প্রতিমাসে অন্যায়ভাবে আমার ও আমার ভাই মনসুর আলীর কাছে প্রায় ১২/১৩ হাজার টাকা নিতেন। ওই টাকা দেওয়া বন্ধ করায় ক্ষুব্ধ হয়ে তিনি আমার গাড়ীর নামে মামলা দায়ের করেছেন।
আব্দুল মজিদের ভাই মনসুর আলী জানান, চাঁদার টাকা দেওয়া বন্ধ করায় ওসি মোবাইলে বিভিন্নভাবে গালাগালি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন বলে হুমকি দিয়েছিলেন। পূর্বের আক্রোশেই তিনি ট্রাকটিকে বাঁচিয়ে দিয়ে আমাদের গাড়ির নামে মামলা দিয়েছেন। ওসির সঙ্গে মোবাইলে কথোপকথনের অডিও রেকর্ড ও বিকাশে টাকা প্রদানের প্রমাণাদি আমাদের কাছে রয়েছে।
অটোচালক সাইকেল চালক ও উদ্ধারকারীরা জানান, কাভার্ড ভ্যানে লেগে কারো কোনো ক্ষতি হয়নি তবে দ্রুতগামী ট্রাকটির ধাক্কায় আমরা সকলেই আহত হয়েছি। পাগলু চালক নুরুল ইসলাম তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভজনপুর হাইওয়ে পুলিশের ওসি জাকির হোসেন মোল্লাহ সব অভিযাগ অস্বীকার করে বলেন, আমি আব্দুল মজিদকে চিনি না। তার কাভার্ডভ্যান কিনা তাও আমি জানি না। কাভার্ড ভ্যানের বিরুদ্ধে মামলা করেছি। তবে ট্রাকটিকেও আটক করা হয়েছে। অভিযোগকারীর সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে কাভার্ডভ্যানটিকে আটকে মামলা দে্য়ারর বিষয়টি সত্য নয়। বিকাশ নাম্বারে চাঁদা নে্য়ারর বিষয়টি বানোয়াট।
পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা অভিযোগ পেয়েছেন স্বীকার করে বলেছেন, আমরা বিষয়টির তদন্ত করছি।