এসএসসি পরীক্ষায় গতবছরের দেশসেরা ফলাফল থেকে ৯ ভাগ পিছিয়েছে যশোর বোর্ড। জিপিএ-৫ প্রাপ্তিও কমেছে এক-তৃতীয়াংশ। এ বছর যশোর বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ১৭ ভাগ ও জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৯৫ দশমিক ১৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ জন শিক্ষার্থী।
গত বছরের ফলাফলে দেশসেরা অবস্থান অর্জন করেছিল যশোর।
শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফল বিবেচনায় যশোর বোর্ডের এ চিত্র উঠে এসেছে।
তবে বোর্ড কর্তৃপক্ষ বলছে, করোনাকালে সংক্ষিপ্ত সিলেবাস, কম সময়ে কম নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার পূর্ণ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নাম্বারে পরীক্ষা হয়েছে। এ কারণে করোনাকালের পূর্বে স্বাভাবিক সময়ের ফলাফলের কাছাকাছি ফল অর্জিত হয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানান, এ বছর যশোর বোর্ডে মোট এক লাখ ৫৫ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৩৪ হাজার ২১৩ জন। পাসের হার ৮৬ দশমিক ১৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন। এদের মধ্যে ছাত্রী ১১ হাজার ৩৭০ ও ছাত্র ৯ হাজার ২৪৭ জন।
এ বছর বিজ্ঞান বিভাগে মোট ৩৯ হাজার ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ৪০০ জন। পাসের হার ৯৭ দশমিক ৮৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৯৩৭ জন।
মানবিক বিভাগ থেকে ৯৮ হাজার ৭৭৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ১৯৮ জন। পাসের হার ৮০ দশমিক ১৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৭০৬ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৭ হাজার ৭৪৫ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৬ হাজার ৬১৫ জন। পাসের হার ৯৩ দশমিক ৬৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯৭৪ জন।