কলকাতায় ডুরান্ড কাপ ফুটবল

সেনাবাহিনীর প্রথম প্রতিপক্ষ মোহন বাগান

ভারতের ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের ক্লাব দল অংশগ্রহণ করেছে। সেখানকার অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করে ট্রফি নিয়ে এসেছে। এখনকার সময় মোহামেডান, আবাহনী কিংবা অন্য কোনো দলের কথাও শোনা যায় না যে তারা খেলতে গিয়েছে। তবে নতুন খবর হচ্ছে ভারত থেকে আমন্ত্রণ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপে খেলতে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী ছাড়াও ২৩টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। 

বাংলাদেশ সেনাবাহিনী ‘এ’ গ্রুপে খেলবে। যাদের সঙ্গী মোহন বাগান সুপার জায়ান্ট, ইস্ট বেঙ্গল ক্লাব, রাউন্ডগ্লাস পাঞ্জাব। এছাড়াও বিভিন্ন গ্রুপে খেলবে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, ত্রিভুবন আর্মি এফিস, জামশেদপুর, মহমেডান, মুম্বাই সিটি এফসি, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, এফসি গোয়া, শিলং লাওঝং, বেঙ্গালুরু এফসি, গোকুলাম কেরালা, রাজস্থান ইউনাইটেড ওড়িশা প্রমুখ দল। 

আগামী ৩ আগস্ট কলকাতার সল্টলেকে বাংলাদেশ ও মোহন বাগান মুখোমুখি হবে। দলের কোচ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, তিনটি খেলাই সল্টলেকে হবে। মোহামেডানে খেলেন এমন সাত জন ফুটবলার খেলবেন সেনাবাহিনী দলে। ইমন, মেহেদী, মুরাদ, সাজ্জাদ, বাল্লু এবং জাফর ইকবাল রয়েছেন এই দলে। ইংরেজদের শুরু করা ডুরান্ড কাপ ফুটবলের  ১৩২তম আসর এটি। টুর্নামেন্ট নিয়ে এরই মধ্যে কলকাতায় ভিন্ন আঙ্গিকে উঁচু ছাদের ওপর থেকে ট্রফি উন্মোচন হয়েছে।