আমি মনে করি মাসুদ রানা চরিত্রটি যেকোনো অভিনেতার জন্যই স্বপ্নের একটি চরিত্র। আমার জন্য অত্যন্ত চ্যালেঞ্জের ছিল। তবে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি বাস্তবসম্মত করে তোলার। কতটা পরিশ্রম ছিল সেটা দর্শকরা হলে গিয়ে দেখতে পাবেন। আমার বিশ্বাস, ছবিটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকরা উপভোগ করবেন। নিজের নতুন সিনেমা এবং চরিত্র প্রসঙ্গে কথাগুলো বলেন অভিনেতা এবিএম সুমন।
আসছে ২৫ আগস্ট মুক্তি পাচ্ছে তার ‘এম আর-৯’ ছবিটি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত বিগ বাটেজের এই ছবিটি মুক্তি উপলক্ষে এরইমধ্যে জোর প্রচারণাও শুরু করেছেন এবিএম সুমনসহ সংশ্লিষ্টরা। সেই ধারাবাহিকতায় ট্রিজার, পোস্টারের পর মঙ্গলবার রাতে প্রকাশ করা হলো ছবিটি ট্রেলার।
যা বরাবরের মতোই দারুণ প্রসংসা কুড়াচ্ছে দর্শকদের। চোখ ধাঁধানো ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারটি সবার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি গোয়েন্দা মাসুদ রানার চরিত্রে বাংলাদেশি অভিনেতা এবিএম সুমন সবার নজর কেড়েছেন।
এছাড়াও হলিউড অভিনেতা ফ্র্যাংক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট, নিকো ফস্টার এবং বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, খ্যাত ওমি বৈদ্য’র উপস্থিতিও ট্রেলারে উত্তাপ বাড়িয়েছে। এর বাইরেও ট্রেলারে বাংলাদেশি অভিনেতা শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম ও টাইগার রবির উপস্থিতিও রহস্য জাগিয়েছে দর্শকমনে।
উল্লেখ্য, এর আগে আলোচনায় আসে সিনেমাটির ট্রিজার ও পোস্টার। পোস্টারে মাসুদ রানা চরিত্রে এবিএম সুমনের রহস্যময়, সূক্ষ্ম চাহনি আর ঘাড় ঘুরিয়ে তাকানোর পোস্টারটি পাচ্ছে দর্শকের বাহবা। ‘এমআর-৯’ নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত হলিউড নির্মাতা আসিফ আকবর। সিনেমাটি নিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং সিনেমা বলা যায় এটা। এটি করতে গিয়ে অভিজ্ঞতাও বেশ হয়েছে। আমিসহ অনেকের শৈশবের নায়ককে বড়পর্দায় নিয়ে আসার এই প্রজেক্টে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ ও গর্বিত। সিনেমাটি আপনাদের (দর্শক) জন্য এবং এটি এখন একটি জাতির জন্য ইতিহাস।
কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে ‘এমআর-৯’।
‘ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। নির্মাতা আসিফের সঙ্গে এর চিত্রনাট্য তৈরি করেছেন আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। সিনেমার সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ। সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ আগস্ট বিশ্বব্যাপী ছবিটি মুক্তি দেওয়া হবে।