নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে মোবাইল ইন্টারনেট সংযোগে সমস্যা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের এলাকায় অনেক মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সংযোগ সমস্যায় পড়েছেন। কারও কারও মুঠোফোনে ইন্টারনেটের সিগন্যাল পাওয়া যাচ্ছে, তবে তাতে কাজ হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। পাশাপাশি গণমাধ্যমকর্মীরা মুঠোফোনে ইন্টারনেট পাচ্ছেন না বলে জানিয়েছেন। 

বিটিআরসি এর আগে বলেছিল, বিপুলসংখ্যক ব্যবহারকারী রয়েছে, এমন এলাকায় মোবাইল ইন্টারনেট ও ভয়েসকল সেবা বাধাগ্রস্ত হয়।

ছবি: আব্দুল গনি

নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে শুক্রবার সকাল থেকেই নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন। দুপুর থেকে সেখানে মোবাইলে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন নেতা-কর্মীরা। বেলা দুইটার পর বিএনপির মহাসমাবেশ শুরু হয়।

কয়েকটি টেলিভিশন চ্যানেলের কর্মীরা বলেন, বিএনপির সমাবেশের যেসব ভিডিও চিত্র তারা ধারণ করছেন, সেগুলো ইন্টারনেট না থাকায় সরাসরি কার্যালয়ে পাঠাতে পারছেন না। বিকল্প হিসেবে মেমোরি কার্ড ব্যবহার করে পাঠানো হচ্ছে।