বিশ্বকাপ দাবায় খেলতে গেছেন দাবাড়ুরা

আজারবাইজানের বাকু শহরে আগামী ৩০ জুলাই ফিদে বিশ্বকাপ দাবা ও ফিদে মহিলা বিশ্বকাপ দাবা শুরু হবে। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ফিদে বিশ্বকাপ দাবায় এবং মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ফিদে মহিলা বিশ্বকাপ দাবায় খেলবেন।

আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান জোন-৩.২-এর ওপেন বিভাগের চ্যাম্পিয়ন হিসেবে এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস জোন-৩.২ মহিলা বিভাগের চ্যাম্পিয়ন হিসেবে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম দাবা ফেডারেশনের মনোনীত খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করছেন।

২০২২ সালের দাবা অলিম্পিয়াডের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ ফিদে বিশ্বকাপ দাবায়  একজন খেলোয়াড় ও ফিদে মহিলা বিশ্বকাপ দাবায় একজন খেলোয়াড় মনোনীত করার যোগ্যতা অর্জন করে। নক-আউট পদ্ধতির এ বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব জার্মানির গ্র্যান্ডমাস্টার কোলঅরস ডমিট্রিজের বিপক্ষে, ফাহাদ রহমান ইতালির গ্র্যান্ডমাস্টার ভোকাতুরো দেনাইলর বিপক্ষে খেলবেন। ফিদে মহিলা বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ডে মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস রোমানিয়ার আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ডমাস্টার বুলমাগো ইরিনার সঙ্গে ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম খেলবেন পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার সককো মনিকার বিপক্ষে। বাংলাদেশের চার খেলোয়াড় বৃহস্পতিবার রাতে ঢাকা ত্যাগ করেছেন।