কুড়িগ্রামে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাইট কোচের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কে জাবেদ মন্ডলের অটোমিলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

মৃত তিন ব্যক্তি পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের আকতার হোসেনের ছেলে সাগর আলী (২৫), শহিদুল ইসলামের ছেলে শাহিন আলী (২৭) ও একই গ্রামের ট্রলি ড্রাইভার সুমন মিয়া (২৫)। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আন্ধারীঝাড় থেকে একটি মোটরসাইকেল যোগে তিনজন বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে তারা ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের আন্ধারীঝাড় বাজার পার হয়ে জাবেদ মন্ডলের অটোমিলের সামনে পৌঁছলে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা এনা পরিবহনের ঢাকাগামী নাইটকোচ পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এনা পরিবহনের বাসটির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে এমন দাবি তুলে শুক্রবার রাতেই এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করে। পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, লাশ তিনটি সুরতহাল রিপোর্ট তৈরি করে নাগেশ্বরী হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নাইট কোচটি নাগেশ্বরী থানায় জব্দ রয়েছে। এ ব্যাপারে শনিবার (২৯ জুলাই) সকালে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি (ওসি) জানান।