প্রশ্ন করতেই খেপে গেলেন সাবিনা

সাবিনা খাতুন, দেশের নারী ফুটবলের আইকন। তার আচরণ ব্যবহার অন্যরা অনুসরণ করবেন। যার দূর থেকে দেখেন, মনে হবে সাবিনা অতি বিনয়ী। আর যারা কাছে এসে কথা বলতে যান মুহূর্তেই ধারণা বদলে যায়। সাবিনা কথা বলেন মন মেজাজ বুঝে। সাতক্ষীরায় সাবিনার বাড়ি। এই অঞ্চলের স্থানীয় ক্লাব ওয়ারিয়র স্পোর্টস একাডেমির পৃষ্ঠপোষকতায় ও বিকাশ ও বসুন্ধরার সহযোগিতায় গতকাল সাতক্ষীরা স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ফুটবল চাম্পিয়নশিপ। 

ওয়ারিয়র স্পোর্টস ফুটবল একাডেমির সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক সাবিনা খাতুন। জাতীয় নারী দলের ফুটবলাররা ছুটি নিয়ে বিশ্রাম নিতে বাসায় যাওয়ার কথা বলে তারা ফুটবল খেলতে গিয়েছেন। সেটা বাফুফে জানে না। এমন প্রশ্নে খেপে গিয়ে সাবিনা জানান এই প্রশ্নের জবাব দেওয়ার এখন তার  সময় নেই। আরও প্রশ্ন করার আগেই তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। এরপরও একাধিকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি কোনোভাবেই ইত্তেফাক প্রতিনিধির সঙ্গে কথা বলতে রাজি হলেও খেলা শেষে সাবিনা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আপনারা বাফুফেকে প্রশ্নবিদ্ধ করেন। বাফুফের কাছে খেলোয়াড়রা কালারিং হন।  পাশাপাশি বাফুফের সম্মানহানি হয়। কোন ইস্যু পেলে বাফুফেকে এটাক করা হয়। সাতক্ষীরায় এমন একটি আয়োজন সবার খুশি হওয়া উচিত।’

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

খোঁজ নিয়ে জানা গেছে জাতীয় মহিলা দলের আট জন খেলোয়াড় চারটি দলে খেলছেন। এদের মধ্যে সাতক্ষীরা স্পোর্টস একাডেমিতে মাসুরা পারভিন ও মার্জিয়া, সাতক্ষীরা লেকভিউ সিটি দলে শামছুন্নাহার সিনিয়র ও শামছুন্নাহার জুনিয়র, এ. আর.  স্পোর্টিং ক্লাবে মারিয়া মান্ডা ও মাতসুসিমা সুমাইয়া এবং সাতক্ষীরার চিংড়ি বাংলা ক্লাব দলে গোলরক্ষক রূপনা চাকমা ও তহুরা খেলছেন। এসব খেলোয়াড়রা বুধবার দুপুরের দিকে ঢাকা থেকে সাতক্ষীরা এসে পৌঁছান। এদের মধ্যে সাত জন সাতক্ষীরা শহরের অদূরে খড়িবিলাস্থ মোজাফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে রাত্রি যাপন করেন। টুর্নামেন্ট শেষ হওয়ার আগ পর্যন্ত সেখানেই থাকবেন। এছাড়া মাসুরা পারভিন নিজ গ্রামের বাড়ি শহরের উপকণ্ঠে বিনেরপোতা এলাকায় তার পরিবারের সঙ্গেই থাকছেন।

সাবিনা খাতুন নিজ এলাকা সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাংগি এলাকায় তার নিজের বাড়িতে উঠেছেন। তবে তিনি বেশির ভাগ সময় কাটাচ্ছেন ঢাকা থেকে আগত অতিথি খেলোয়াড়দের সঙ্গে। তবে তিনি কোনো খেলায় অংশগ্রহণ করবেন না বলে জানা গেছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। এ আর স্পোর্টিং  ক্লাব ৬-২ গোলে লেকভিউ সিটিকে হারিয়েছে। বিজয়ী দলের সুমাইয়া ২, স্বপ্না ২,মারিয়া মান্ডা ১, রুবিনা ১ এবং বিজিত দলের শামসুন্নাহার জুনিয়র ১ ও শামসুন্নাহার সিনিয়র ১টি করে গোল করেন।