শঙ্কাটা আগে থেকেই ছিল। অবশেষে সেটাই সত্যি হলো। কোনো ধরনের ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। আর্থিক লেনদেনে ফিন্যাসিন্সয়াল ফেয়ার প্লে-এর (এফএফপি) আইন ভাঙায় নিষিদ্ধ হলো তুরিনের ক্লাবটি।
২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের মধ্যে ক্লাবটির লেনদেনে এফএফপির নিয়ম ভাঙার প্রমাণস্বরূপ এই সিদ্ধান্ত জানায় উয়েফা। তাই আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় দর্শক হয়েই থাকতে হবে জুভেন্টাসকে। একই সঙ্গে ক্লাবটিকে ১৭১ মিলিয়ন পাউন্ডের মতো জরিমানাও করা হয়েছে।
উয়েফা জানিয়েছে, ইতালিয়ান ক্লাবটি যদি আগামী তিন বছর আর্থিক নিয়মগুলো ঠিকঠাক মেনে চলে, তবে তাদের নির্ধারিত জরিমানার অর্ধেক দিতে হবে। আর জুভেন্টাস না থাকায় ইউরোপা কনফারেন্স লিগে দেখা যাবে ফিওরেন্তিনাকে।
এ রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে জুভেন্টাস। এক বিবৃতিতে জুভেন্টাস সভাপতি গিয়ানলুকা ফেরেরো বলেছেন, ‘আমরা উয়েফার আর্থিক নিয়ন্ত্রণ সংস্থার সিদ্ধান্ত নিয়ে দুঃখ প্রকাশ করছি। নিজেদের সপক্ষে আমরা যে ব্যাখ্যা দিয়েছি, তা নিয়ে জানাচ্ছি না। আমরা আমাদের কাজের বৈধতা ও যুক্তির বৈধতা সম্পর্কে দৃঢ়ভাবেই সুনিশ্চিত। যাহোক, আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছিল। এই বেদনাদায়ক সিদ্ধান্তের পরও আমরা নতুন মৌসুমে কোর্টে নয়, মাঠের খেলার মনোযোগী হব।’