ফরিদপুরে অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন দোলন

সমাজের খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়প্রত্যাশী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

শুক্রবার বিকালে আলফাডাঙ্গা উপজেলা কামারগ্রাম কাঞ্চন একাডেমীর মাঠে শান্তি সমাবেশে সেলাই মেশিন বিতরণ করা হয়। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার উপলক্ষে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ শান্তি সমাবেশের আয়োজন করে।

অনুষ্ঠানে আলফাডাঙ্গার ৫০ জন নারী ও পুরুষকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন দেওয়া হয়। একই সঙ্গে বেগম জাহানারা একাডেমি, কাঞ্চনমুন্সী একাডেমি ও আদর্শ ডিগ্রি কলেজের জন্য ১০ লাখ টাকা মূল্যমানের বেঞ্চ ও চেয়ার-টেবিল দেওয়া হয়। এরপর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে আরিফুর রহমান দোলন বলেন, সমাজে নিম্নবিত্ত পিছিয়ে পড়া অনেক ভদ্র ভাই-বোন আছেন যারা ভালো সেলাইয়ের কাজ জানেন, কিন্তু সেলাই মেশিন নাই। একটি সেলাই মেশিন হলে জীবনকর্মে ঘুরে দাঁড়াতে পারেন। আজকে কিছু নারী ও পুরুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করলাম এবং কিছু বরাদ্দ পত্র দিলাম। বরাদ্দ পত্র পাওয়া প্রত্যেকের বাড়িতে এই সেলাই মেশিন পৌঁছে দেওয়া হবে। আজকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে যৌথ উ‌দ্যো‌গে। কিছু কাঞ্চন মু‌ন্সী ফাউ‌ন্ডেশন আর কিছু এককভা‌বে বিতরণ করা হয়েছে। আমাদের এই সমাজসেবামূলক কাজ বছরব্যাপী চলবে ইনশাল্লাহ।

দোলন জানান, সমাজে পিছিয়ে পড়া মানুষের দারিদ্র্যতা ঘুচিয়ে সাবলম্বী করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা উপ‌জেলার ভাইস চেয়ারম্যান ও কৃষক লী‌গের আহ্বায়ক শেখ দেলওয়ার হো‌সেন, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান, আলফাডাঙ্গা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক আলমগীর ক‌বির, টগরবন্দ ইউ‌নিয়‌ন আওয়ামী লী‌গের সভাপ‌তি বীর মু‌ক্তিযোদ্ধা জালাল উ‌দ্দিন ফ‌কির, পাচু‌ড়িয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, ২ নম্বর গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসমত আলী কাজল, রোটারি ক্লাব অব লুমিনাসের সাবেক সভাপতি কাজী সাইফুল হকসহ অনেকেই।