কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করেছে।
শনিবার বিকেল (২৯ জুলাই) ৫টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নস্থ রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মো. মারুফ (১৭) ও অপর নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন, নিহত মারুফের দাদী আছিয়া খাতুন (৭০), ঈদগাঁও উপজেলার মাইজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল হক (২০) ও পার্বত্য বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাফেজা খাতুন (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় চট্টগ্রাম অভিমুখী কাভার্ডভ্যানের সাথে চকরিয়া থেকে ছেড়ে আসা ডুলাহাজারামুখী লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনা গাড়ির দুই যাত্রী নিহত ও তিনযাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় হতাহতদের উদ্ধার করেন। তৎমধ্যে আহতদের দ্রুত চিকিৎসার জন্য মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি (পুলিশ পরিদর্শক) মাকসুদ আহমদ বলেন, দুর্ঘটনায় পতিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।