খাগড়াছড়ির দীঘিনালায় শনিবার (২৯ জুলাই) হাতির আক্রমণে এক মাহুতের মৃত্যু হয়েছেন। পরে খবর পেয়ে উপজেলার ৫নম্বর বাবুছড়া ইউনিয়নে দুর্গম ধনেপাতাছড়া ও নাড়াইছড়ির মধ্যবর্তী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত মো. মামুন (৫৫) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার বাসিন্দা।
বাবুছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এস আই মো. আমিনুল ইসলাম ভূঁইয়া জানান, মামুন ও তার সহযোগী শুক্কুর আলী একই এলাকার মো. নিজাম উদ্দিনের মালিকানাধীন তিনটি হাতির মাহুত হিসেবে কাজ করতেন। তিন মাস ধরে নিজাম উদ্দিনের পালিত হাতিগুলো উপজেলার বাবুছড়ার দুর্গম ধনেপাতাছড়া ও নাড়াইছড়ির মধ্যবর্তী এলাকায় বনে ছেড়ে দিয়ে খাবার খাওয়াতেন ও দেখাশোনা করতেন। শুক্রবার বিকেলে পাহাড়ের একপাশ থেকে অন্য পাশে বড় হাতিটিকে নেওয়ার চেষ্টা করলে হাতিটি মাহুত মামুনকে আক্রমণ করে। তাৎক্ষণিক সহযোগী শুক্কুর আলী মামুনকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মরক্ষা করেন। এ ঘটনার একদিন পর শনিবার পুলিশ ঘটনাস্থল থেকেলাশ উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।