এমবাপ্পেকে ধারে চায় লিভারপুল

আগামী বছর ফ্রি ট্রান্সফার এড়ানোর জন্য এমবাপ্পেকে এবারের গ্রীষ্মেই ছাড়তে চায় পিএসজি। ফরাসি তারকাকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ। এরই মাঝে এসেছে নতুন এক খবর। এমবাপ্পেকে এক বছরের জন্য ধারে দলে চায় ইংলিশ ক্লাব লিভারপুল। এর জন্য বড় অঙ্ক খরচ করতেও রাজী দলটি। এমন সংবাদই প্রকাশ করেছে বৃটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর।

চলতি মৌসুমটা পিএসজিতে কাটিয়ে ফ্রি এজেন্ট হয়ে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে মরিয়া এমবাপ্পে। রিয়ালও তাকে পরের মৌসুমেই চায়। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি ফরাসি এই তারকার জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রাইজ ট্যাগ বেঁধে দিয়েছে পিএসজি। প্যারিসের ক্লাবটি আলোচনার মাধ্যমে এর থেকে কম অর্থও শেষ পর্যন্ত মেনে নিবে। 

অন্যদিকে, এমবাপ্পেকে অনেক দিন থেকেই পেতে চাইছে লিভারপুল। মাঝে এ নিয়ে কয়েক দফা নানা গুঞ্জন উঠেছিল। ধারণা করা হচ্ছে, লিভারপুলের এ প্রস্তাব মেনে নিলে এমবাপ্পকে নিয়ে আর্থিক ক্ষতির অঙ্ক কমাতে পারবে ফরাসি ক্লাবটি। এই পরিস্থিতিতে অনেকেই লিভারপুলের এই ধারের প্রস্তাবকে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে দেখছেন। আর এক মৌসুম ধারে খেলে এমবাপ্পেও তার পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে পারবেন। তবে এ প্রস্তাবে এমবাপ্পে রাজি হবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়।