শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, কাফনের কাপড় নিয়ে এবার যুদ্ধ করতে নেমেছি, এই যুদ্ধ জনগণকে হেফাজত করার যুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনাকে যারা প্রত্যাখ্যান করে মানুষের জানমাল বিনষ্ট করছে সেই রাজাকার ও পাকিস্তানের প্রেতাত্তার দল বিএনপির বিরুদ্ধে এই যুদ্ধ।
রোববার (৩০ জুলাই) শরীয়তপুর সদরে বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালিত হবে তাদের মাধ্যমে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। আর যারা বিরোধী দল থাকবে, তাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। যারা আজ সংবিধানকে পদতলে পিষ্ট করতে চায়, তাদের দিয়ে সংবিধান রক্ষা করা যাবে না।
ইকবাল হোসেন অপু বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এসব হত্যাকাণ্ড বিএনপির প্রধান খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। যারা ক্ষমতায় থাকতেও হত্যা করেছে এবং ক্ষমতা ছেড়েও মানুষ হত্যা করেছে, তাদের কাছ থেকে আজকে আমাদের গণতন্ত্রের শিক্ষা নিতে হচ্ছে। যেই দল সামরিক বাহিনী থেকে ক্ষমতায় এসেছে, তাদের কাছ থেকে গণতন্ত্রের শিক্ষা নিতে হচ্ছে। এদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।