‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর সফল বাস্তবায়নে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ উপলক্ষে তিনি রোববার (৩০ জুলাই) সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
এসময় বিজিবি মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার সেই স্বপ্ন পূরণে বাংলাদেশ অনেকটাই অগ্রসর হয়েছে। মৎস্য চাষে বাংলাদেশ সারাবিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে যা দেশের জন্য অনেক বড় প্রাপ্তি। একটি উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে একটি সুস্থ্য জাতি গঠন অত্যাবশ্যক। আর সুস্থ জাতি গঠনে আমিষের গুরুত্ব অপরিসীম। আর আমিষের সিংহভাগ চাহিদাই পূরণ করে মাছ। তাই বর্তমান প্রেক্ষাপটে মাছ চাষের বিকল্প নেই। তিনি প্রতিটি বিজিবি সদস্যকে মৎস্য চাষে ব্রতী হয়ে বিজিবি’র সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপি’তে যে সকল পুকুর, ডোবা ও জলাশয় রয়েছে তা সংস্কার করে মাছ চাষ করার আহবান জানান। শুধু কর্মস্থলেই নয়, বিজিবির সকল সদস্যকে তাদের নিজ বাড়ির পরিত্যক্ত ডোবা, নালা ও জলাশয়ে মাছ চাষের পরামর্শ দেন।