চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জামায়াত-শিবিরের ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এজাহারে ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েক শ জনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়। গত শুক্রবার নগরীর আগ্রাবাদ বাদামতল জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে জামায়াতে ইসলামীর ঝটিকা মিছিল বের করে। মিছিলটি চৌমুহনী মোড়ে যাওয়ার সময় মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
পুলিশ জানায়, জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর ঢিল ছুড়তে শুরু করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় গাড়ির ভেতর থেকে পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মুকুর চাকমা বের হলে তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে মিছিলকারীরা। এতে তিনিসহ দুই পুলিশ সদস্য আহত হন। ঐদিন ঘটনাস্থল থেকে পুলিশ ২১ জনকে আটক করে।
ডবলমুরিং থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫০০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এর মধ্যে ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত। ঘটনাস্থল থেকে আটক ২১ জনের মধ্যে সম্পৃক্ততা না পাওয়ায় পাঁচ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৬ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।