মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় খাদ্য অফিসের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। মোটরসাইকেল নিয়ে হেঁটে আসার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তারা প্রাণ হারান।
রোববার (৩০ জুলাই) সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ডপাড়া এলাকার ইউসুফ আলী শেখের ছেলে এবং সাইদুর রহমান মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আনসার আলীর ছেলে। নজরুল চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্য অফিসের পরিদর্শক এবং সাইদুর রহমান উপ-পরিদর্শক।
জানা গেছে, নজরুল ও সাইদুর অফিস থেকে মেহেরপুরে ফেরার পথে মোটরসাইকেলের তেল ফুরিয়ে যায়। এ সময় তারা মোটরসাইকে নিয়ে পায়ে হেঁটে আসছিলেন। হঠাৎ পেছন থেকে একটি প্রাইভেটকার তাদের সজরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই দুই কর্মকর্তার মৃত্যু হয়।
খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গায় নিয়ে যায়। নিহত নজরুল ইসলামের স্ত্রী, দুই ছেলে সন্তান রয়েছে। অপরদিকে সাইদুর রহমানের স্ত্রী এবং এক ছেলে রয়েছে।