উনি কেন খেলেন, আমরা তো তিনদিনও খাইনি: ওবায়দুল কাদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবিএ কার্যালয়ে খাওয়ানো প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, উনি কেন খেলেন? এত ক্ষুধা রাজনৈতিক নেতার। কিসের রাজনৈতিক নেতা। আমরা তো তিনদিনও খাই নাই।

সোমবার (৩১ জুলাই) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

খাবার খাওয়ার ছবি ও ভিডিও প্রচারে দোষের কিছু দেখছেন না বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যা সত্য সেটা আসছে। সেটা তো আর কিছু বলার নাই। ওরা সাজিয়ে দিয়েছে কি না ভিন্ন কথা। কিন্তু উনি তো রুই মাছ দিয়ে ভালো করে খেয়েছেন।

বিএনপির অবস্থান কর্মসূচি সুষ্ঠু নির্বাচনে বাধা উল্লেখ করে তিনি বলেন, এ কারণে ভিসা নীতি তাদের ওপর প্রয়োগ হওয়া উচিত। কাদের বলেন, বিএনপি হোঁচট খেয়ে গোলাপবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে গেল। কোথায় গেল সে সাহস? পুলিশের অনুমতি নাকি নেবে না তারা। অনুমতি নিয়েই তো গেল। রাজনীতি এত সোজা! তাদের উদ্দেশ্য একটা লাশ ফেলবে। তারেক জিয়া লন্ডন থেকে ভিডিওতে বলছেন, একটা লাশের বদলে ১০টা লাশ ফেলবে। পুলিশের ওপর হামলা। জনগণের জানমাল রক্ষা, চলাচল নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।

বিদেশিদের সমালোচনা করে মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না। সুদান দু-তিন ভাগ হয়ে যাচ্ছে, গতকালই একটা ক্যু হয়েছে, কাগজে একটা প্রতিবাদ ছাড়া কিছু করতে পারছে না। সবারই আয়নায় নিজের চেহারা দেখা উচিত।

কোনো বিদেশি দূত তত্ত্বাবধায়ক সরকার চায়নি উল্লেখ করে কাদের বলেন, শেখ হাসিনার পদত্যাগ বা সংসদ ভেঙে দেওয়ার কথা বলেনি (বিদেশিরা)। তাদের দাবি একটা শান্তিপূর্ণ নির্বাচন। তাদের দাবি আমাদের দাবি এক। আমরাও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমাদের কারণে নির্বাচন শান্তিপূর্ণ না হলে আমরা দায়ী থাকব। অন্যদের কারণে যদি শান্তিপূর্ণ না হয়, তারা দায়ী থাকবে।