হলে সিটের দাবিতে জাবি ছাত্রীদের ফের অবস্থান-বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে আসন বরাদ্দের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে আবারো বিক্ষোভ করেছেন শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া হলের ছাত্রীরা।

রবিবার (৩০ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রীদের অবস্থান ও বিক্ষোভ চলছে।

এর আগে, রাত সোয়া নয়টায় বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রীরা। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

জাবি

আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, দেড় বছর ধরে তারা আবাসিক হলের গণরুমে অবস্থান করছেন। তাদের গণরুমে না রাখার প্রতিশ্রুতিতে প্রথম দিকে দুই মাসের অধিক অনলাইনেও ক্লাস নেওয়া হয়। তবুও তাদের আসন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তাদের আসন বরাদ্দ দিতে হবে।

এ সময় ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের ছাত্রী মোহসীনা রহমান মীম বলেন, 'গত ২৩ জুলাই আবাসিক হলে সিটের দাবিতে আন্দোলন করেছিলাম। তখন উপাচার্য স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ২৮ জুলাইয়ের মধ্যে একটা সিদ্ধান্ত জানাবেন। কিন্তু দু'দিন পার হলেও আমাদের এখনো কিছু জানানো হয়নি। আমরা অবিলম্বে আবাসিক হলে সিট চাই।'

ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের আরেক ছাত্রী মারিয়া রহমান বলেন, 'আগেরবার যখন স্যারের কাছে এসেছিলাম তখন স্যার আমাদের আশ্বাস দিয়েছিলেন ২৮ জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু এখনো তিনি আমাদের সিদ্ধান্ত জানাননি। দ্রুত সময়ের মধ্যে আবাসিক হলে সিট চাই।' 

জাবি

এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির একঘণ্টা পার হলেও উপাচার্য বাসভবন থেকে বের হননি। তবে পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান ও প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক নিগার সুলতানাসহ অন্য শিক্ষকেরা ঘটনাস্থলে উপস্থিত হন।

এর আগে, গত ২৩ জুলাই আবাসিক হলে সিটের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রীরা। তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অন্য শিক্ষকরা ঘটনাস্থলে এসে ছাত্রীদের ২৮ জুলাইয়ের মধ্যে আবাসিক হলে আসন নিশ্চিত করবেন বলে আশ্বাস দেন।